পথিকৃৎ-এর উদ্যোগে গত ৩১ জুলাই কলেজ স্ট্রিটে ইউ এন ধর সভাকক্ষে মানবতাবাদী সাহিত্যিক প্রেমচন্দের ১৩৪তম জন্মদিবসে তাঁর সাহিত্য ও জীবন সংগ্রাম বিষয়ক হিন্দি ও বাংলা ভাষায় দুটি পুস্তিকা প্রকাশিত হয়। সভার সূচনায় পথিকৃৎ-এর আমৃত্যু শুভানুধ্যায়ী শ্রী রতন মুখার্জীর আকস্মিক প্রয়াণে শোকপ্রস্তাব পাঠ করেন সঞ্চালক সুব্রত দাস। তাঁর স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়। হিন্দি পুস্তিকাটি প্রকাশ ক'রে প্রেমচন্দের সাহিত্যে মনুষ্যত্বের উদ্বোধন ও বর্তমান সাংস্কৃতিক অবক্ষয় প্রসঙ্গে হিন্দিতে আলোচনা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা শ্রীমতী রাজশ্রী শুক্লা। হিন্দি সাহিত্যের প্রতি অহিন্দি ভাষীদের আকর্ষণ তাঁকে চমৎকৃত করেছে। বাংলা পুস্তিকাটি প্রকাশ ক'রে তাঁর জীবন ও মূল্যবোধের উপর বিশেষ গুরুত্ব দিয়ে উর্দুতে বক্তব্য রাখেন প্রেসিডেন্সি মুসলিম হাইস্কুলের বিশিষ্ট শিক্ষক সৈয়দ হাসান। বাংলায় সামগ্রিকভাবে প্রেমচন্দের সাহিত্য ও জীবন নিয়ে আলোচনা করেন 'প্রেমচন্দ ১২৫তম জন্মবার্ষিকী কমিটির সহ-সভাপতি শ্রী সুব্রত গৌড়ী। তিনি প্রেমচন্দের চিন্তার বিবর্তন ও শেষ জীবনে শোষিত মানুষের মুক্তির আকাঙক্ষা থেকে মার্কসবাদ ও সমাজতন্ত্রের প্রতি তাঁর আকর্ষণের দিকটি তুলে ধরেন। ¤ (পথিকৃৎ-এর আগস্ট ২০১৩ সংখ্যা থেকে নেওয়া)
পথিকৃৎ
৮৮বি বিপিন বিহারী গাঙ্গুলী স্ট্রিট
কলকাতা ৭০০০১২
দূরাভাষ- 9433046280, 9433451998
ইমেইল- pathikritpatrika@gmail.com